সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক ম্যাচে দুই উইকেট : সাকিব আল হাসান
বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জার্সি বদলালেও তার কারিশমার ঝলকানি কমে নি। বরং আপন আলোয় মোহিত করছেন নতুন দলকেও। এবার আইপিএল ১১তম আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক ম্যাচে দুই উইকেট নিয়ে দলকে স্বস্তি এনে দিয়েছেন।
নিজের চতুর্থ ওভারে নিয়েছেন দুইটি উইকেট। দু’জনেই উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন। সাজঘরে পাঠিয়ে দিয়ে হলুদ জার্সিতে নিজের নামটাও পাকাপোক্ত করলেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব।
তখন ইনিংসের ১৪তম ওভার। বল হাতে নিজের শেষ ওভার করতে আসেন সাকিব। সোনার হরিণের দেখা পেলেন তিনি। আগের তিন ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ের পুরস্কারস্বরুপ চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই উইকেট পেয়ে যান সাকিব।
তাকে ছক্কা মারতে গিয়ে লংঅন বাউন্ডারিতে ধরা পড়েন রাহুল ত্রিপাথি। দুই বল পর আবারও ছক্কা মারতে যান আরেক সেট ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন। তিনি ধরা পড়েন এক্সট্রা কভার অঞ্চলে, ডাইভ দিয়ে দারুণ ক্যাচ ধরেন রশিদ খান।
আগের তিন ওভারে ২০ রান দিয়ে উইকেটশূন্য থাকা সাকিব নিজের শেষ ওভারের পাঁচ বলের মধ্যেই মাত্র দুই রানের বিনিময়ে নিয়ে নেন দুই উইকেট। সাকিবের এই জোড়া আঘাতেই ম্যাচে ফিরল হায়দ্রাবাদ। ১৪ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ৯৩ রান করেছে রাজস্থান। শেষ পর্যন্ত ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন সাকিব।



কোন মন্তব্য নেই