মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চলতি আইপিএলে মুস্তাফিজুর রহমান যে খুব বাজে বোলিং করেছেন তেমনটা বলার সুযোগ নেই। বাদ পড়ার আগে ছয় ম্যাচ খেলে সাত উইকেট দখল করেছেন বাংলাদেশি পেসার। গড় ২৮, ওভারপ্রতি রান দিয়েছেন ৮.৩৪। কখনো কখনো তালগোল পাকিয়ে ফেলাতে রান বেশি দিয়ে ফেলছেন বটে কিন্তু ডেথ ওভারগুলোতে প্রতিপক্ষের সামনে ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছিলেন।
মুস্তাফিজকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ডেথ ওভারের বোলারও মনে করছেন কেউ কেউ। কিন্তু এসবের মধ্যেই গতকাল শনিবার মুম্বাইয়ের সাত নম্বর ম্যাচটাতে সেরা একাদশে সুযোগ পেলেন না বাংলাদেশি পেসার। তাকে রেখেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নেমে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল।
মুস্তাফিজের বদলে কাল অস্ট্রেলিয়ান পেসার বেন কাটিংকে সেরা একাদশে নিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু অজি তারকাকে দিয়ে মাত্র এক ওভার বোলিং করিয়েছেন মুম্বাই অধিনায়ক। এক ওভারে কাটিং রান দিয়েছেন ১৪। মোস্তাফিজের পাশাপাশি কাল কাইরন পোলার্ডকেও বাসিয়ে রেখেছিল মুম্বাই। উইন্ডিজ তারকার বদলে জেপি ডুমিনিকে বেছে নিয়েছিলেন রোহিত। কিন্তু বল-ব্যাট কোনটাই করার সুযোগ পাননি ডুমিনি। তাহলে কোন পরিকল্পনাতে মুস্তাফিজ-পোলার্ডকে বসিয়ে রাখা?
মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা যা বললেন তার অর্থ, দলীয় সমন্বয়ের জন্যই এই পরিবর্তন। টানা হারের মধ্যে থাকা দলটিতে ঠিক মতো সমন্বয় হচ্ছিল না, আর সেই কারণেই সকলের সম্মতিতে পরিবর্তন করা হয়েছে জানালেন রোহিত।
গতকাল ম্যাচ শেষে মুম্বাই অধিনায়ক বলেন, ‘আমরা দেখছি ব্যাটিং শক্তিশালী দলগুলো টুর্নামেন্টে কতোটা দাপট দেখাচ্ছে। হায়দরাবাদের মতো দলগুলো বোলিং বিভাগ দিয়েও দাপট দেখাচ্ছে। কিন্তু আমাদের কোনটিই হচ্ছিল না। ফলে অধিনায়ক হিসেবে দলের শক্তির জায়গাটা বুঝতেই হবে আমাকে। সমন্বয়ের জন্য কাউকে বসে থাকতে হলে রাজিই ছিল ছেলেরা। আমাদের ড্রেসিংরুমের পরিবেশ দারুণ।’ মুস্তাফিজ-পোলার্ডকে বসিয়ে জয় পেলেন রোহিত। কিন্তু সমন্বয় কি পেলেন?