লিভারপুলকে রুখে দিল এভারটন


ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল লিভারপুল এবং এভারটন। স্বাগতিক হিসেবে খেলতে নামা এভারটনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আতিথ্য নেওয়া লিভারপুল। অথচ এই লিভারপুলই আসরের সেরা দল ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে মাঠে নেমেছিল।

তবে, লিভারপুলের সেরা অস্ত্র মিশরের মোহাম্মদ সালাহ ইনজুরির কারণে এই ম্যাচ খেলতে পারেননি। এই মৌসুম ৩৮ গোল করে এই মিশরীয় তারকা মেসি-রোনালদোদের থেকেও ওপরে অবস্থান করছেন।

এই ম্যাচের পর ৩৩ ম্যাচ খেলা লিভারপুলের সংগ্রহ ৬৭ পয়েন্ট, অবস্থান তৃতীয়। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি ৩১ ম্যাচে তুলেছে সর্বোচ্চ ৮৪ পয়েন্ট। আর দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬৮। রাতে অপর ম্যাচে মুখোমুখি হবে সিটি-ইউনাইটেড। সিটিজেনরা জিতলে এই মৌসুমের শিরোপা নিশ্চিত করবে। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে দ্বিতীয়বারের দেখায়ও জয়ের দেখা পেল না লিভারপুল।  ডিসেম্বরে লিভারপুলকে তাদেরই মাঠে ১-১ এ রুখে দিয়েছিল এভারটন।

এভারটনের মাঠ গুডিসন পার্কে ম্যাচের প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি দুই দল। তবে, বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হারিয়ে দেওয়া লিভারপুল। ৬৬ শতাংশ বল নিজেদের দখলে রাখলেও স্বাগতিক এভারটনের ডিফেন্স ভাঙতে পারেনি জার্গেন ক্লপের শিষ্যরা।

শুরুর একাদশে লিভারপুলের হয়ে মাঠে নামেন ভ্যান জিক, জেমস মিলনার, সাদিও মানের মতো তারকারা। ম্যাচের নবম মিনিটে লিভারপুলের সোলানকে ফাঁকায় বল পেয়েও এভারটনের পোস্টের উপর দিয়ে বল পাঠিয়ে দেন। ১৫ মিনিটের মাথায় আবারো এভারটনের জালে শট নেন সোলানকে। তবে, স্বাগতিক গোলরক্ষক পিকফোর্ডের অসাধারণ দৃঢ়তায় এ যাত্রাতেও হতাশ হতে হয় লিভারপুলকে।

১৭ মিনিটের মাথায় সুযোগ পায় এভারটন। ফ্রি-কিকের সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ২৩ মিনিটে থিও ওয়ালকট গোলের সুযোগ নষ্ট করে হতাশা বাড়ান এভারটনের। ৩৫ মিনিটে ৩০ গজ দূর থেকে বাঁকানো শটে এভারটনের জালে বল জড়াতে ব্যর্থ হন লিভারপুলের ভ্যান জিক। ৪২ মিনিটে হেন্ডারসনের শট গোলবারের বাইরে দিয়ে চলে যায়।

প্রথমার্ধে ০-০ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল। এই মৌসুমে লিগের ২৬ গোলের ১৯টিই এভারটন করেছিল ম্যাচের দ্বিতীয়ার্ধে। সেই আত্মবিশ্বাস নিয়ে বিরতির পর মাঠে নামে স্বাগতিকরা।

ম্যাচের ৫৭ মিনিটে এভারটনের কোচ তুলে নেন ওয়েইন রুনিকে। তবে, উঠে যাওয়ার সময় নিজের পারফরম্যান্সের সন্তুষ্টি প্রকাশ করতে পারেননি ইংল্যান্ডের তারকা এই ফরোয়ার্ড। ম্যাচের ৬৮ মিনিটে মিলনারের বদলি হিসেবে নামেন লিভারপুলের তারকা চেম্বারলেইন। ৭৪ মিনিটে নামেন আরেক তারকা ব্রাজিলের রবার্তো ফিরমিনো। সাদিও মানের বদলি হিসেবে নেমে ৭৭ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন তিনি।

৮৭ মিনিটে ওয়ালকটের সুযোগ ছিল লিভারপুলের জালে বল জড়ানোর। তবে, হতাশা নিয়েই দুই দলকে রেফারির শেষ বাঁশি শুনতে হয়।

কোন মন্তব্য নেই

AllSportsNews. Blogger দ্বারা পরিচালিত.