ভুল শট নয়, অশ্বিনের ছন্দ পতনের চেষ্টা
ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে কঠিন চ্যালেঞ্জ পার করতে হচ্ছিলো বাংলাদেশকে। শেষ দিনের তৃতীয় ওভারে সাকিবের বিদায়ের পর আশার আলো দেখাচ্ছিলেন মুশফিক-মাহমুদউল্লাহ জুটি।
কিন্তু দলীয় ১৬২ রানে অশ্বিনের বলে মুশফিকও আউট, তখন বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৬২ রান। প্রথম ইনিংসে মুশফিকের বীরোচিত ইনিংসের পর হঠাৎ উঁচু শট খেলতে গিয়ে দ্বিতীয় ইনিংসে আউট হওয়া, সমালোচকদের চোখে পড়ার মতো।
সেই শট নিয়ে মুশফিক বলেন, ‘শটটা খারাপ ছিল না। স্রেফ ঠিক ভাবে বাস্তবায়ন করতে পারিনি। কারণ কয়েক ওভার আগেই অফ স্টাম্পের বাইরে বলে জাদেজাকে রিভার্স সুইপ খেলেছি, দারুণভাবে লেগেছিল ওটা।
অশ্বিনেরটা ঠিক ভাবে খেলতে পারিনি। ফিল্ডার ভেতরে ছিল। চার মারতে পারলে ফিল্ডার পিছিয়ে নিত ওরা। তখন সিঙ্গেল নেওয়া সহজ হতো। এটিই ছিল ভাবনা।’
অশ্বিন অনেক ভালো বল করেন, তাই মুশফিকের ভাবনায় ছিলো তাকে উইকেটে থিতু হতে না দেয়া। থিতু হলেই তিনি অনেক ভয়ংকর হয়ে উঠতে পারেন। এই ধারণা ছিলো মুশফিকুর রহিমের।
তিনি বলেন ‘ভাবনা ছিল…ইতিবাচক থাকা। সকালে সাকিবের ডেলিভারিটা দেখেছেন বা গতকাল বিকেলে মুমিনুলের। যদিও ভারতের টিপিক্যাল পঞ্চম দিনের উইকেট নয়, কিন্তু তার পরও রাফ ছিল উইকেটে। সেটা সামলানোও কঠিন।
অশ্বিন যদি একই লাইনে বল করে যেতে থাকে, কাছ ঘিরে ছিল অনেক ফিল্ডার, তাহলে সে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমি চেয়েছি পায়ের ব্যবহার করতে এবং অশ্বিনের লাইন লেংথ একটু এলোমেলো করে দিতে।’

কোন মন্তব্য নেই