ফলো অন এড়ানোই প্রাথমিক লক্ষ্য’
হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন ঠিক ভারতের নাকি বাংলাদেশের পকেটে গেল এখনো স্পষ্ট করে বলা মুশকিল। তবে দিনের সূচনা বিবেচনায় বাংলাদেশ দল কিছুটা হলেও স্বস্তিতে নিদ্রায় যেতে পারবে বলা চলে।
দ্বিতীয় দিনের শেষ বেলায় এসে সৌম্য সরকারের দুর্ভাগা আউটের পর দিনের শুরুরে দারুন খেলতে থাকা তামিম ইকবালের রান আউট হয়ে ফিরে যাওয়ার পর ভীষণ চাপে পড়ে বাংলাদেশ।
মমিনুল হক ও মাহমুদুল্লাহ রিয়াদকে লম্বা ইনিংস খেলতে দেননি উমেশ যাদব ও ইশান্ত শর্মার রিভার্স সুইং। পরবর্তীতে সাকিব আল হাসানের আগ্রাসি ৮২ রানের ইনিংসে ভর করে মেরুদণ্ড কিছুটা সোজা হয় বাংলাদেশের।
তবে রবি আশ্বিনকে তেড়ে মারতে গিয়ে সাকিব আউট হওয়ায় বড় ধাক্কা খায় বাংলাদেশ। সেখান থেকে সাব্বিরের সাথে ছোট জুটির পর মিরাজকে নিয়ে ইনিংস মেরামতের কঠিন কাজ করে যান অধিনায়ক মুশফিক।
তবুও দিন শেষে ৩৬৫ রানে পিছিয়ে বাংলাদেশ দল। ফলোঅন এড়াতে এখনও ১৬৬ রান দরকার বাংলাদেশের। তাই চতুর্থ দিনের শুরুতে বাংলাদেশের প্রথম লক্ষ্য ফলোঅন এড়ানো।
সংবাদ সম্মেলনে সাকিব জানালেন, ‘আমার মনে হয়, ফলোঅন এড়ানোই আমাদের প্রথম লক্ষ্য। আমরা কাল প্রথম সেশন কাটিয়ে দিতে চাইবো। তাহলে ১০০/১২০ রানের মতো করতে পারবো-যা আমাদের ফলোঅন সেভ করার খুব কাছে নিয়ে যাবে।’
দিনের শুরুর সেশনের গুরুত্বও চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলেন তিনি। সাকিবের ভাষ্য মতে, ‘আমরা এখনও ম্যাচ থেকে অনেক দূরে। অবশ্যই ভারত এগিয়ে আছে। ম্যাচে ফিরতে আমাদের অবশ্যই ভালো খেলতে হবে।
বিশেষ করে কালকের প্রথম সেশনের দুই ঘণ্টা ভালো খেলতে হবে।আমরা কাল প্রথম সেশনে কেমন খেলি এটাই মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কোনো উইকেট না হারিয়ে যদি ১০০ বা ১২০ রান করতে পারি তাহলে আমরা ভালো অবস্থায় থাকব।’
ভিডিও ঃ

কোন মন্তব্য নেই