পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ



বাংলাদেশ ২৩৯ অল-আউট, ৪৮.৫ ওভার (মুশফিক ৯৯, মিঠুন ৬০, জুনাইদ ৪/১৯) 
পাকিস্তান ২০২/৯, ৫০ ওভার (ইমাম ৮৩, আসিফ ৩১, মুস্তাফিজুর ৪/৪৩)
বাংলাদেশ ৩৭ রানে জয়ী ও এশিয়া কাপের ফাইনালে

দলের সেরা ব্যাটসম্যান নেই প্রথম ম্যাচের প্রথম ইনিংসের পর থেকেই। ওপেনিংয়ে শূন্যতা পূরণ করতে দেশ থেকে উড়িয়ে নেওয়া হয়েছে দুইজনকে। টপ-অর্ডারে ধস হয়ে গেছে নিয়মিত, চোট নিয়ে সেটা সামাল দিয়ে যাচ্ছেন আরেকজন। এরপরও না হলে আছেন আরেকজন, ব্যাটিং না হলেও পুষিয়ে দিচ্ছেন বোলিংয়ে। বাংলাদেশ ব্যাটিংয়ে পুড়ছে আর কিছু রান বেশি না হওয়ার আক্ষেপে। এরপর বোলাররা আশা জোগাচ্ছেন, সে আশার বিপরীতে হুমকি হয়ে দাঁড়িয়ে যাচ্ছে কোনও জুটি। এতকিছুতেও যখন হচ্ছে না, তখন হাজির বিস্ময়-অধিনায়ক। ফিল্ডিংয়ে সুপারম্যান হয়ে নিচ্ছেন ক্যাচ, আঙুলে চোট পেয়ে উঠে গিয়েও ফিরে আসছেন ব্যান্ডেজ নিয়ে। এশিয়া কাপ বাংলাদেশের কম ক্ষত তৈরি করেনি, তবে সে ক্ষত নিয়ে উলটো আঘাতকেই বুড়ো আঙুল দেখিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ! কার্যত সেমিফাইনাল বনে যাওয়া ম্যাচে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এখন বাংলাদেশের অপেক্ষা ভারতের। গত এশিয়া কাপেও ফাইনালে খেলেছিল এই দুই দলই, যদিও ফরম্যাট ছিল ভিন্ন।
AllSportsNews. Blogger দ্বারা পরিচালিত.