আইপিএলে ‘কিপটেমি’র রেকর্ড রশিদ খানের




আইপিএলে কাল রাতে কী রোমাঞ্চকর ম্যাচ-ই না হলো! সাকিব আল হাসানদের (সানরাইজার্স) কাছে শেষ বলে মোস্তাফিজুর রহমানদের (মুম্বাই) হার, সেটাও ১ উইকেটে। এমন ম্যাচের ক্রিকইনফোর বিশ্লেষক গৌরব সুন্দররমনের টুইট, ‘সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রতিটি ম্যাচই ১৬ ওভারের।’

তা হয় কীভাবে? আইপিএল তো টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বাকি ৪ ওভার কোথায়? কালকের ম্যাচটা যাঁরা দেখেছেন তাঁরা বলবেন কে আবার, রশিদ খানের কাছে!

রোহিত শর্মা, এভিন লুইস, কাইরন পোলার্ডদের মতো তারকাসমৃদ্ধ ব্যাটিং লাইনআপ নিয়েও ৮ উইকেটে ১৪৭ রান তুলেছিল মুম্বাই। দলটির রানের চাকা আটকে দেন মূলত আফগান লেগ স্পিনার রশিদ খান। ৪ ওভারে ১৩ রানে ১ উইকেট, ইকোনমি রেট ৩.২৫! দুর্দান্ত এই স্পেল দিয়েই আইপিএলে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন রশিদ।

২৪ বলের এই স্পেলে রশিদ ‘ডট’ দিয়েছেন ১৮ বল। আইপিএলের এক ম্যাচে কোনো স্পিনারের সর্বোচ্চ ‘ডট’ দেওয়ার কীর্তি ছুঁয়ে ফেললেন ১৯ বছর বয়সী এ লেগি। রবিচন্দ্রন অশ্বিন ও অমিত মিশ্র এর আগে এক ম্যাচে ১৮টি করে ‘ডট’ দিয়েছেন। এর মধ্যে অশ্বিন একাই তা করেছেন দুই ম্যাচে।

রোমাঞ্চকর জয়ের পর রশিদ জানালেন তাঁর দুর্দান্ত বোলিংয়ে নেপথ্য পরিকল্পনা, ‘সংক্ষিপ্ততম সংস্করণে ডট বল খুব কাজে দেয়। তাই ডট বল দেওয়াই ছিল আমাদের লক্ষ্য।’
AllSportsNews. Blogger দ্বারা পরিচালিত.