দ. আফ্রিকা সফরে ভালো করার প্রত্যাশা বাংলাদেশের
![]() |
| দ. আফ্রিকা সফরে ভালো করার প্রত্যাশা বাংলাদেশের |
শনিবার দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী দল। শনিবার বিকালে সাংবাদিকদের মুখোমুখি হন ওয়ানডে অধিনায়ক। ওয়ানডে অধিনায়ক রুমানা বলেন, “গত ১৪ মাস আমরা বসেছিলাম না। এরমধ্যে অনেক কাজ করেছি, ম্যাচ অনুশীলন করেছি। সেখানে পারফরম্যান্স যা ছিল তাতে ভালো কিছু করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। তবে সেখানে অভিজ্ঞতা অর্জন হবে সবচেয়ে বড় ব্যাপার।”
১৪ জুলাই থেকে শুরু হচ্ছে আইসিসি প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব। আর এ বাছাইপর্বের আগে দক্ষিণ আফ্রিকা সফরে নিজেদের ঝালাই করে নিতে চান বাঘিনীরা। ছোটোখাটো ভুল শুধরে গুছিয়ে নিতে চান নিজেদের।
“আমাদের মূল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। তার প্রস্তুতি আমরা দক্ষিণ আফ্রিকা থেকেই শুরু করতে যাচ্ছি। ভুল-ত্রুটি, অনেক কিছু শুধরানোর জায়গা আছে, “বলেন রুমানা।
লম্বা বিরতির পর মাঠে নামলেও রুমানা মনে করেন না পিছিয়ে আছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ‘স্মার্ট ক্রিকেট’ খেলার প্রত্যাশা তার।
সফরে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে রুমানা-সালমারা। ওয়ানডে সিরিজের আগে ২ মে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে তারা। ৪ মে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের চার ওয়ানডে হবে যথাক্রমে ৬, ৯, ১১ ও ১৪ মে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ মে। ১৯ মে দ্বিতীয় ও ২০ মে তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।
বাংলাদেশ দল : রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), সালমা খাতুন (টি-টোয়েন্টি অধিনায়ক), নিগার সুলতানা, ফারজানা হক পিঙ্কি, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন ও জাহানারা আলম।
